গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ডেইলি স্টারের সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের মা আনোয়ারা মাহবুব গতকাল সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। এতে বলা হয়, ‘আমার এ বিবৃতির উদ্দেশ্য হলো, ‌প্রীতি উরাংয়ের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং এ নিয়ে মামলার তদন্ত চলাকালে গণমাধ্যমের অন্যায্য অনুমান, অসত্য তথ্য ছড়ানো, বাস্তবতা বিচ্যুত ও কল্পনাপ্রসূত অপব্যাখ্যার ওপর আলোকপাত করা। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আমার ছোট ছেলে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে পড়ে গিয়ে অনিয়মিত গৃহ সহায়তাকারী প্রীতি উরাংয়ের মৃত্যু ঘটে। এ মৃত্যুর ঘটনা দম্পতিটির জন্য আকস্মিক আঘাত ছিল। ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। উভয়েই আইনের কাছে আত্মসমর্পণ করেছেন। ঘটনার পর পরই আশফাক দ্রুত পুলিশকে ফোন করে এ বিষয়ে অবহিত করে। পরে এ দম্পতির বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৪এ ধারার আওতায় অভিযোগ আনা হয়, যার তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ এখনো এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।’ 

প্রীতি উরাং ও ২০২৩ সালের আগস্টে এ দম্পতির বাসা থেকে পড়ে গিয়ে ফেরদৌসি নামে আরেক শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে ২ এপ্রিল ১১৭ বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে উঠে আসা বিভিন্ন বক্তব্য ও অভিযোগকে প্রত্যাখ্যান করে মামলার তদন্ত চলাকালে সংবেদনশীল বিষয়ে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আনোয়ারা মাহবুব। বিবৃতিতে চলমান মামলা নিয়ে পক্ষপাতহীন, পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন তিনি।