ঢাকার সাভারে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ পোশাক শ্রমিক আহত হন। সাভারে উলাইল এলাকায় প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নিট লিঃ কারখানার শ্রমিকদের সঙ্গে গতকাল সকালে এ সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থানকালে পুলিশ ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়ায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

শ্রমিকরা জানিয়েছেন, কারখানায় বেতন দেয়া নিয়ে গড়িমসি ছিল। গতকাল (শুক্রবার) স্টাফদের বেতন দেয় কর্তৃপক্ষ। আজ (শনিবার) শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল। সকালে কারখানায় গেলে গেটে একদিনের জন্য সাধারণ ছুটির নোটিস দেখতে পেয়ে শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে কথা বলার দাবি তুলে কারখানার সামনে অবস্থান করেন। কিন্তু মালিক পক্ষ কিংবা কারখানার কোনো কর্মকর্তাই শ্রমিকদের সামনে না এলে হাজারের অধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় সকাল ৯টার দিকে পুলিশ এসে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরে যেতে বলে। একপর্যায়ে শ্রমিকদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক আহত এক নারী শ্রমিক বলেন, ‘আমাদের না জানিয়ে সাধারণ ছুটি ঘোষণার কারণ জানতে কারখানার সামনে অবস্থান করতে ছিলাম। ওই সময় পুলিশ আমাদের কারখানার সামনে থেকে জোরপূর্বক সরিয়ে দিতে চায়। আমরা না সরতে চাইলে পুলিশ শ্রমিকদের মারধর শুরু করে।’

বিষয়টি জানতে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, ‘শ্রমিকদের ওপর লাঠিচার্জ কিংবা রাবার বুলেট ছোড়া হয়নি। শ্রমিকরা মহাসড়কে অবস্থান করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ আহত হননি।’