নয় মাসের বকেয়া বেতন পরিশোধ, ৮ ঘণ্টা ডিউটি, শ্রম আইন অনুযায়ী মজুরি স্কেল প্রদানসহ ছয় দফা দাবিতে লাগাতার কর্মবিরতির আলটিমেটাম দিয়েছেন বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা।

গতকাল বেলা ১১টায় বরিশাল নগরীর ফকিরবাড়ী সড়কে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি গাজী বেল্লাল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ১৭ আগস্টের মধ্যে দাবি মানা না হলে ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতির আলটিমেটাম দেয়া হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা গত বছরের ২৭ মার্চ থেকে চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত জেলা প্রশাসক, কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিচালক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা, আন্দোলন-সংগ্রাম, অবরোধের পর ২৪ মার্চ আলোচনার মাধ্যমে ফ্যাক্টরি চালু করা হয়। ফ্যাক্টরি চালুর দিনে মালিকপক্ষের উপস্থিতিতে জেলা প্রশাসকের প্রতিনিধি (ইউএনও), কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধি, বাসদ এর সদস্য সচিব এর সমন্বয়ে নয় মাসের বকেয়া প্রত্যেক মাসের বেতনের সঙ্গে প্রদানসহ নানা প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু অদ্যাবধি বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। এতে শ্রমিক-কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বিষয়টি নিয়ে দফায় দফায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসহ প্রশাসন ও সংশ্লিষ্টদের জানালেও কোনো সমাধান মেলেনি।

সংবাদ সম্মেলনে শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক মোশারফ হোসেনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।