জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, কোরবানি ঘিরে আমাদের একটি বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছেন। সবকিছু বিবেচনা করে আমাদের চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যতদিন টিকা দেয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে। আর ঈদের পর যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।
প্রতিমন্ত্রী গতকাল দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বিজিবির যশোর রিজিয়নের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
৯৬তম রিক্রুট ব্যাচের ২৭৮ জন সৈনিক চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করেন। ছয় মাস প্রশিক্ষণ শেষে তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, জাতির পিতার হাতে গড়া এ বাহিনী আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশ প্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। তিনি নতুন জওয়ানদের উদ্দেশে বলেন, পেশাগত দক্ষতা অর্জনসহ ব্যক্তিগতভাবে সুদৃঢ়, সুশৃঙ্খল, নির্লোভ, নির্ভীক সর্বোপরি উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।










