বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ ৮ লাখ ৪৮ হাজার টাকার মেডিকেল সরঞ্জাম সরবরাহ করেছে বগুড়া জেলা পরিষদ। করোনা মোকাবেলায় গতকাল দুপুরে জেলা পরিষদের কনফারেন্স রুমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি আবাসিক সার্জন ডা. লোকমান হোসেনের হাতে এসব সরঞ্জাম তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদ সদস্য নাজনীন নাহার, মারুফ রহমান মঞ্জু, আব্দুর করিম, আনসার আলী, এ আই ফয়সাল খান, ছামসুন নাহার আকতার বানু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, জেলা পরিষদের প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন বলেন, নভেল করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। করোনা আক্রান্ত রোগীদের জন্য সবার আগে প্রয়োজন হয় অক্সিজেনের। আর ক্রিটিক্যাল রোগীদের জন্য উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ জরুরি। যার জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ বেশকিছু ইকুইপমেন্ট জরুরি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জন্য এসব ইকুইপমেন্ট করোনা আক্রান্ত রোগীদের সেবায় কাজে লাগবে।