বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। যুক্তরাজ্যের বাণিজ্য দূত বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়া সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্য আগ্রহ প্রকাশ করে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় জানান।










