পোস্টাল ব্যালট, ভোটার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থার সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চায় নির্বাচন কমিশন (ইসি)। এসব বিষয়ে ইইউর সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়ন ও নেপালের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার বলেন, তাদের সঙ্গে বহুমাত্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল পোস্টাল ব্যালট। এটা নিয়ে আমরা যে এক্সারসাইজটা করছি, সেটা নিয়েও আলোচনা হয়েছে। মূলত উনাদের আগ্রহ যেগুলো ছিল যে, ইউরোপিয়ান অবজারভেশন মিশন যারা এসেছিলেন, তারা বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য আলাদা আলাদা কিছু রেকমেন্ডেশন উনারা দিয়েছিলেন, সেগুলো নিয়ে উনারা আর কোনোভাবে সহায়তা হতে পারেন কি না সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও সাদরে সেটা গ্রহণ করেছি। উনারা যদি এক্সটেন্ডেড কোলাবোরেশনে আমাদের সাথে থাকতে চান, উই উড ওয়েলকাম দেম। মূলত এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সেক্ষেত্রে ইসি কি ধরনের সহযোগিতা চায় এ প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তো অলরেডি চিহ্নিত। যেমন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিছু কাজ করি। আমাদের হিউম্যানওয়্যার বলি, আমাদের ডিজিটাল ক্যাপাসিটি বলি, আমাদের এক্সপেরিয়েন্স লার্নিং বলি ইত্যাদি ইত্যাদি। সো এগুলো নিয়ে তো কাজ হচ্ছেই। আর পাশাপাশি এর বাইরে যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা জয়েন্টলি হয়তো কাজ করতে পারি; ভোটার এডুকেশন যেমন একটা। আশা করছি পার্টনার অর্গানাইজেশনগুলোর কোলাবোরেশন এক্সটেন্ডেড হবে।










