দিন দিন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ রোগীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস গতকাল জানান, বরিশালজুড়ে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। যার মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সবদিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছেন যেমন সাধারণ জখম, সর্দি বা কাশির রোগী, অর্থাৎ যেসব চিকিৎসা জেলা ও উপজেলা হাসপাতালে সম্ভব, সেসব রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বাসুদেব কুমার দাস আরো বলেন, এমনিতেই শেবাচিম হাসপাতালের আন্তঃবিভাগের প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকে। এছাড়া বহির্বিভাগে রোগীর সংখ্যা তো এমনিতেই অনেক। এর মধ্যে করোনা রোগীদের সংখ্যা আরো বাড়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হয়। যেসব রোগীর চিকিৎসা জেলা বা উপজেলা হাসপাতালে সম্ভব, তারাও ভিড় করছেন এ হাসপাতালে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরই মধ্যে বিভাগের সব জেলা সিভিল সার্জন, সব জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তাদের কাছে এ নিষেধাজ্ঞা জারির চিঠি পাঠানো হয়েছে।










