বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে শায়িত করা হয়। এদিন বেলা সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে খালিদীর জানাজা সম্পন্ন হয়। এর আগে বেলা আড়াইটায় সেখানে তার মরদেহ নেয়া হলে শেষ বিদায় জানান বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে খালিদীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।










