যাত্রী চাহিদা ও আন্দোলনের মুখে কক্সবাজার স্পেশাল ট্রেন সার্ভিস আরো এক মাস সময় বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত বিশেষ ট্রেন হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন করবে কক্সবাজার স্পেশাল। একই সময়ে ট্রেনটির কোচসংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১৬টি করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রোজার ঈদের আগে ৮ এপ্রিল ট্রেনটি চালু করে রেলওয়ে। যাত্রী চাহিদা বেশি হওয়ায় সার্ভিস চালু রাখা হয়। পরবর্তী সময়ে ৫২ দিন যাত্রী পরিবহনের পর ক্রু ও ইঞ্জিন সংকট দেখিয়ে ৩০ মে থেকে সার্ভিসটি বন্ধ করে দেয় রেলওয়ে। সর্বশেষ কোরবানি ঈদের আগে ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি ফের চালু করা হয়। ২৪ জুন পর্যন্ত চলাচলের কথা ছিল। কিন্তু যাত্রীর চাহিদা, চট্টগ্রাম, কক্সবাজারসহ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটির সার্ভিস আরো এক মাস বাড়িয়েছে রেলওয়ে।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘রোজার ঈদের সময় কয়েক দফায় সময় বাড়িয়ে ট্রেনটি ৫২ দিন চালানো হয়েছিল। কোরবানির ঈদেও ট্রেনটি চালু হলে যাত্রী চাহিদা বেশি ছিল। আগামী ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রী পরিবহন করবে।’










