যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিএম সোহেল রানা নামে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএম সোহেল রানা গণিত বিভাগের এক শিক্ষার্থী। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১২ জন আহত হন। তাদের মধ্যে তিনজন সাধারণ শিক্ষার্থীও রয়েছেন। ওই শিক্ষার্থীরা বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত অভিযোগ করেন। পরে উপাচার্য আনোয়ার হোসেন দুটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির একটি ছাত্রলীগের অভ্যন্তরীণ মারামারি ও অন্যটি সাধারণ শিক্ষার্থীদের মারধরের বিষয়টি তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। ছাত্রলীগের মারামারি তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের রিজেন বোর্ডের সদস্য ড. সৈয়দ গালিব হাসান ও সদস্য হিসেবে আছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মেহেদী আল ইমরান হাসান। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড বিভাগের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘গঠিত দুটি তদন্ত কমিটিকে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’