সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা, তাই কে কী মন্তব্য করল বা কী করল, তা নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

মন্ত্রী বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতাই বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রী আরো বলেন, দেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। এজন্য দেশের প্রত্যেকটি উপজেলায় জনসাধারণকে বৃক্ষ রোপণে উৎসাহ দিতে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে। প্রত্যেক নাগরিক তাদের পছন্দমত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বাড়ির আশে-পাশে পতিত জায়গাতে রোপণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে তিনি নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম মেরামত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রী উপকারভোগীদের মাঝে ২৩টি সেলাই মেশিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং ৩৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।