চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, আশা করি, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজন করবে এবং সুশৃঙ্খলভাবে দেশের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেবে। বাংলাদেশে আসন্ন নির্বাচনকে চীন কীভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য উল্লেখ করা হয়।
পোস্ট অনুযায়ী চীনা গণমাধ্যমের প্রশ্ন ছিল, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট হবে। দেশটি নির্বাচন প্রস্তুতির মধ্যে রয়েছে। বাংলাদেশে আসন্ন নির্বাচনকে চীন কীভাবে দেখছে?
জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণ নিজেদের বিষয় নিজেরাই সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম এবং নিজেদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ করবে। আমরা আশা করি, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজন করবে এবং সুশৃঙ্খলভাবে দেশের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেবে।










