লে. তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল নির্জনের বাবা-মা ঢাকা সেনানিবাসে সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করতে এলে তিনি এ আশ্বাস দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে নির্জনের বাবা-মা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী বিচার পেতে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন।
আইএসপিআরের তথ্যমতে, গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিতে মারা যান লে. তানজিম সারোয়ার নির্জন। ওই রাতে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর এলে ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় সাত-আটজনের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লে. নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নির্জন হত্যার ঘটনায় পুলিশ সদস্য ও সেনাসদস্য বাদী হয়ে পৃথক আইনে চকরিয়া থানায় দুটি মামলা করেছেন। দুই মামলাতেই ১৭ জনের নামসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










