আমদানি কমের কারণ দেখিয়ে দিনাজপুরের হিলি
স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ৮টাকা। হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন বন্দরে
পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।
হিলি স্থলবন্দর ঘুরে দেখা যায়, আজ মঙ্গলবার শুধু
ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে দাম আগের তুলনায় বাড়তি। এক সপ্তাহ আগে এ জাতের প্রতি
কেজি পেঁয়াজের দাম ছিল ২১ থেকে ২২ টাকা। গতকাল এ পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ থেকে ২৯
টাকায়। আর আজ ইন্দোর জাতের পেঁয়াজের দাম চাওয়া হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বলেন, পেঁয়াজের বাজারের গতি বোঝা যাচ্ছে না। দুই দিনেই দামেও আকাশ-পাতাল ওঠানামা। পেঁয়াজ কিনতে ও
মোকামে পাঠাতেই ভয় হচ্ছে। আজ এক দামে কিনে মোকামে
পাঠাচ্ছি কাল কিনতে এসে দেখি দাম বেশি। গতসপ্তাহে যে পেঁয়াজ
২১ টাকায় নেমে
এসেছিল বর্তমানে তা বাড়তে বাড়তে ৩০টাকায় উঠে গিয়েছে।
বাড়তি দামের পেঁয়াজ কিনতে একদিকে পুঁজি বেশি লাগছে অন্যদিকে মোকামেও চাহিদা কমে গিয়েছে। বিভিন্ন মোকামের ক্রেতারা
পেঁয়াজ না কিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে আমদানি
অব্যাহত রেখেছিলেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে
দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে দেশী পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল। দেশী
পেঁয়াজের দাম কম থাকায় আমদানি করা পেঁয়াজের চাহিদাও কমতে শুরু করেছিল।
এ ব্যবসায়ী জানান, এমন অবস্থায় লোকসান থেকে বাঁচতে অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানি
কমিয়ে দিয়েছেন। সেই সাথে চাহিদা মোতাবেক পেঁয়াজের এলসি না দেয়ায় সকল আমদানিকারক পেঁয়াজ আমদানি করতে পারছেন না। আগে থেকে যাদের পেঁয়াজের এলসি রয়েছে শুধু তারাই কিছু পেঁয়াজ আমদানি করতে পারছেন। এতে করে দেশের বাজারে
চাহিদার তুলনায় সরবরাহ কমায় পেঁয়াজের দাম বাড়ছে।
এছাড়া পুরনো দেশী পেঁয়াজও প্রায় শেষের
দিকে। এর ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ায় দাম আবার ঊর্ধ্বমুখী, বলছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকলেও পরিমাণ কমে গিয়েছে। গত সপ্তাহে যেখানে দিনে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আসছিল, এ
সপ্তাহে তা ৮ থেকে ১০ ট্রাকে নেমে গিয়েছে। আজও ভারত থেকে পেঁয়াজ আসছে।










