ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় ‘বন্ধুর প্রেমিকার’ ছবি ফেসবুক ওয়ালে আপলোড করার জেরে কাওসার হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার কয়েক যুবক। এ হত্যাকাণ্ডের অভিযুক্ত মূলহোতা সাগর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাওসার স্থানীয় এইচ এস হৃদয় আদর্শ স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার চুরখাই ইউনারপার এলাকার বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রেম সংক্রান্ত বিষয়ে স্কুলছাত্র কাওসারকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আটক সাগর ও সঙ্গী সিয়ামসহ আরো কয়েকজন জড়িত রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সাগর বখাটে, এটাই প্রথম নয়, এরআগেও এলাকায় বেশ কয়েকবার সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে। তার কঠিন শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, নাহিদ নামে এক ছেলের প্রেমিকার ছবি নিয়ে কাওসার তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেয়। পরে ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চুরখাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের পিছনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর ও সিয়াম এবং আরও অজ্ঞাত দুজন মিলে কাওসারকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা কাওসারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ভর্তি করেন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মাহমুদুল ইসলাম। তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।









