সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। এছাড়াও খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গতকাল এক এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে আরো কয়েকটি দেশের মন্ত্রী ও বিশেষ দূত আজ ঢাকায় আসছেন। এর মধ্যে রয়েছে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং নেপাল সরকারের একজন প্রতিনিধি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক সূত্রেও জানা গেছে, এস জয়শঙ্করের বুধবার ঢাকায় আসার বিষয়টি ঢাকায় ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। তিনি আজ দুপুরের পর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিকেলেই ফিরে যাবেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে আজ বেলা ২টায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিদের যোগ দেয়ার কথা রয়েছে। এরই মধ্যে খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা স্বাক্ষর করেন।










