ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। নয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১৭ জন। এ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৫৩ জনে।

গত ১০ জানুয়ারি শুরু হয়ে এ আপিল শুনানি শেষ হয় রোববার। এদিন ৬৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি আবেদন (যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন) এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন (বাদ পড়েছেন)। ৩৫টি আপিল নামঞ্জুর হয়েছে। এ ছাড়া ৩টি আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং একজন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ২টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর প্রার্থী চূড়ান্ত হবে কতজন ভোটে থাকবে। ২১ জানুয়ারি প্রার্থীরা প্রতীক পাবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট।

আপিল শুনানি শেষে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারে অনেকেই। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কিভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। কারণ আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। আমরা চাই, সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে হবে না।