চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ফেনসিডিল চুরির অভিযোগে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) হাসান (২৭) নামে ওই যুবককে নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ পাতা ফেনসিডিল চুরির অভিযোগে বাড়ি থেকে হাসানকে তুলে নিয়ে যায় স্থানীয় মনির ও বিদ্যুৎ। সেখানে একটি খুঁটির সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে হাসান দুই পাতা ফেনসিডিল এবং নগদ ১৭ হাজার টাকা ফেরত দেয়। ঘটনার সময় স্থানীয় মানুষ এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
ভুক্তভোগী হাসান জানান, ‘মনির ও বিদ্যুতের ৫ পাতা ফেনসিডিল আমি নিয়েছিলাম। পরে তারা আমাকে তুলে নিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করে। আমি ২ পাতা ফেনসিডিল ও ১৭ হাজার টাকা ফেরত দিয়েছি। বাকি টাকার জন্য তারা এখনো হুমকি দিচ্ছে।’
অভিযুক্ত মনির বলেন, ‘হাসান চোর। সে বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। আমরা ভালো মানুষ। ভালো করে খোঁজ নিলেই জানতে পারবেন।’ তবে মাদকের সঙ্গে সম্পৃক্ততার কথা জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। অপর অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা জানি, মনির আর বিদ্যুৎ দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। কিন্তু তারা সব সময় পার পেয়ে যায়। এবার প্রকাশ্যে একজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করেছে। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’










