আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৩ লাখ ৯ হাজার ৬৩৫ জন প্রবাসী।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ বুধবার বেলা আড়াইটার সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৬৩৫ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট প্রদানের আবেদন অনুমোদিত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬ হাজার ৩৭৬ জন। মহিলা ভোটার ২৩ হাজার ২৫৩ জন।

যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে– দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশ।

এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। এই দেশ থেকে নিবন্ধন করেছে ৮৫ হাজার ২৩১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। সেখান থেকে নিবন্ধন করেছে ২৫ হাজার ৫৮২ জন। তৃতীয়তে রয়েছে যুক্তরাষ্ট্র। এখানে নিবন্ধন করেছে ২০ হাজার ৭৮৫ জন। আর এই তিনটিসহ ১০ হাজারের বেশি নিবন্ধন হয়েছে আটটি দেশে। বাকি পাঁচটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ওমান।