সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরাসরি না হলেও পরোক্ষভাবে সরকারও তাদের সঙ্গে জড়িত।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

দুদু বলেন, ‘সাবেক সেনাপ্রধান আজিজ সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। তার মাধ্যমে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনী নদী পার হয়েছিল। একসময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন কোর্ট। তিনি শুধু আওয়ামী লীগের সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছে তারা। সরকার বড় বিপদে আছে। গতকাল প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। প্রধানমন্ত্রীকে জাতির সামনে বিষয়টি স্পষ্ট করে বিবৃতি দেয়ার দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে তিনি কাদের বুঝিয়েছেন? আজ আপনি বাংলাদেশের রাস্তা, ঘাট, বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে আপনি এমন কিছু দিয়েছেন যেটি ভারত কখনই ভুলতে পারবে না।’ 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার প্রসঙ্গ টেনে দুদু বলেন, ‘আনার স্বর্ণ চোরাচালানসহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল। এসব ব্যক্তি কীভাবে জাতীয় সংসদের সদস্য হয়?