দেশের সব স্থলবন্দরে প্রতিটি সেবার বিপরীতে কর, টোল ও মাশুলের হার আগের চেয়ে ৫ শতাংশ বাড়ছে। আগামী ১ জানুয়ারি নতুন এ মাশুল কার্যকর করা হবে। সম্প্রতি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বেনাপোল স্থলবন্দরে মাশুল অন্য স্থলবন্দরের তুলনায় কিছুটা বেশি। তাই পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো করা হয়েছে।
জানা যায়, বেনাপোল স্থলবন্দরে ৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়। এর মধ্যে যাত্রী পারাপারে মাশুলের পরিমাণ ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাস, ট্রাক ও লরি প্রবেশ করলে এখন থেকে ১৮৪ টাকা ৭০ পয়সা দিতে হবে। আগে এর পরিমাণ ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা। এ ছাড়া মোটর কার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য নতুন মাশুল ১১০ টাকা ৮২ পয়সা এবং মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য ৩৬ টাকা ৯৫ পয়সা।
মাপার যন্ত্র ব্যবহারের জন্য ট্রাক ও লরিকে এখন থেকে ৮৮ টাকা ৬৫ পয়সা মাশুল দিতে হবে। কাগজপত্র প্রক্রিয়াকরণে নতুন মাশুল ১৯৫ টাকা ০৭ পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে সারারাত থাকলে দিতে হবে ১১১ টাকা ৪৯ পয়সা। এ ছাড়া গুদামে পণ্য রাখলে তার মাশুল বেড়েছে পণ্য রাখার সময় অনুযায়ী। এভাবে সব ধরনের মাশুলের পরিমাণই বেড়েছে।
বেনাপোল ছাড়া অন্য স্থলবন্দরগুলোয় যাত্রী পারাপারের মাশুল ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা এবং আমদানি করা বাস, ট্রাক ও লরির মাশুল ১৫৯ টাকা ২২ পয়সা থেকে বাড়িয়ে ১৫১ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মোটর কার ও জিপের জন্য নতুন মাশুল ৯৫ টাকা ৫২ পয়সা এবং মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য ৪৭ টাকা ৮৩ পয়সা। এ ছাড়া পণ্য ভেদেও মাশুলের পরিমাণ বাড়ানো হয়েছে।










