ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামে জোড়াখুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ঝিনাইদহ জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বার ও ফারুক ওরফে বাদল।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে পাশের রামচন্দ্রপুর শ্বশান ঘাটে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি ফারুক হোসেন ওরফে বাদল পলাতক।