গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের জমিতে ইপিজেড না করার দাবিতে গতকাল বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। গোবিন্দগঞ্জের সাঁওতাল ও বাঙালিরা গতকাল দুপুরে তীর, ধনুক, ঢোল ও মাদলসহ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে জড়ো হয়। এ সময় নিজেদের দাবির সমর্থনে নানা স্লোগান দেয় তারা।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সমাবেশে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সভানেত্রী বিচিত্রা তিরকিত, আদিবাসী-বাঙালি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, গোলাম রব্বানী মুসা, মোর্শেদ হাসান দীপন, মনির হোসেন সুইট, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু, তৃষ্ণা মুরমু, আদিবাসী নেতা সুফল হেবরম প্রমুখ। হেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় বেপজার ইপিজেড কার্যক্রম বন্ধ এবং সাঁওতালদের তিন ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার দাবি জানান তারা। 

স্মারকলিপিতে বলা হয়, এর আগে ২০১২-১৩ সালে পলাশবাড়ীর সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড করার সর্বজনীন প্রস্তাবনা গ্রহণ করা হয়। তৎকালীন জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক সেই প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে ২০২১ সালে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের জমিতে ইপিজেড করার ঘোষণা দেয়া হয়।