বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯টাকা থেকে লিটার প্রতি ১৪টাকা কমিয়ে ১৮৫টাকা নির্ধারণ করেছে। কিন্তু এখনো দিনাজপুরের হিলিতে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। কম দামের তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 

দিনাজপুরের হিলি বাজারে তেল কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, সংবাদে দেখলাম, সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমেছে। কিন্তু বাজারে কিনতে গিয়ে দেখি, আগের দামেই তেল বিক্রি হচ্ছে। ওই বাজারের তেল বিক্রেতা আরিফ আহমেদ বলেন, সম্প্রতি সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা করে লিটার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কোম্পানিগুলো এখন পর্যন্ত নতুন মূল্যে সেই তেল আমাদের সরবরাহ করছে না। এ কারণে আগের মূল্যে কেনা তেল ১৯৯ টাকা মূল্যেই আমরা বিক্রি করছি। নতুন মূল্যের তেল পাওয়া গেলে আমরা সেই নতুন দামেই বাজারে তেল বিক্রয় করবো।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, কেউ যদি পণ্যের মূল্য বৃদ্ধি করে তবে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।