‘গবেষণায় হাতেখড়ি’ কর্মশালা আয়োজনের মাধ্যমে গতকাল বগুড়া শহরে স্কুল গবেষণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা শহরের ফার্মগেট-তেজগাঁও ও মোহাম্মদপুর-ধানমন্ডি অঞ্চলের পর এবার বগুড়ায় একই ধরনের কার্যক্রম আয়োজন করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায় শহরের বিভিন্ন স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন চিন্তার চাষের গবেষণা পরিচালক মো. জহির উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের বগুড়া অঞ্চল সমন্বয়ক মো. অনিক রহমান। শিক্ষার্থীদের তত্ত্বাবধান ও সহায়তায় উপস্থিত ছিলেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জোনায়েদ হোসেন, বিএএফ শাহীন কলেজ বগুড়ার সহকারী শিক্ষক মো. খাজা জহুরুল ইসলাম এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার দাস।
কর্মশালায় খুদে গবেষকরা তাদের চিন্তা ও কল্পনার মিথস্ক্রিয়ায় গবেষণা প্রস্তাব তৈরি করে। এ প্রস্তাবের ওপর ভিত্তি করে পরবর্তী সেশন গবেষণা পদ্ধতি নির্ধারণ করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত স্কুল গবেষণা কার্যক্রমে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করছে তাদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরা আগামী ৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিতব্য ১১তম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণ করবে। সমগ্র আয়োজনে বাংলা গণমাধ্যম সহযোগী হিসেবে আছে বণিক বার্তা।










