আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের জন্য আর্থিক চাহিদা পূরণে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে সরে এসে একটি শক্তিশালী পুঁজিবাজার ভিত্তিক তহবিল সংগ্রহের মডেল গড়ে তোলা জরুরি। কেননা বর্তমান ব্যবস্থা ঋণ খেলাপির সুযোগ তৈরি করে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব ক্ষেত্র, অবকাঠামো সরবরাহ ও ইসলামী অর্থবাজারের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। বিএসইসি ও ডিএসই যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

তিনি বলেন, ‘বন্ডে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম। আর্থিক চাহিদা মেটাতে আমাদের অবশ্যই ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে হবে।’

দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি ও বৃহত্তর আর্থিক সক্ষমতার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, পুঁজিবাজারকে কেবল অনির্দিষ্টকালের জন্য মুনাফা অর্জনের জায়গা হিসেবে দেখা উচিত নয়।

সুকুক প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এ উপকরণগুলো অবশ্যই বাস্তব, আর্থিকভাবে টেকসই সম্পদের সঙ্গে সংযুক্ত হতে হবে, ডেরিভেটিভসের মতো ভঙ্গুর সম্পদ দ্বারা নয়।’

সরকারের তত্ত্বাবধানে থাকা জনগণের অর্থ উল্লেখ করে তিনি পেনশন তহবিল ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলোও চিহ্নিত করেন। তিনি প্রশ্ন রাখেন, ‘যদি পুরো তহবিলই বিনিয়োগ করা হয়, তবে জনগণ যখন অর্থ তুলতে চাইবে, তখন সরকার কীভাবে তা পূরণ করবে?’