রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ শফিকুল ইসলাম (৪২) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ওয়ারী বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানায়। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) কাউসার হুমায়ুন জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ভেতরে উত্তর-পশ্চিম পাশে ওয়াশরুমে সিলিং ফ্যানের লোহার অ্যাঙ্গেল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা সেবাও নিয়েছিলেন। গতকাল রাত সাড়ে ৩টার থেকে আজ সকাল সাড়ে ৮টার মধ্যে ওয়াশরুমে গিয়ে সিলিং ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে রশি বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কি কারণে এ ঘটনা ঘটেছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।