টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ মামলার অভিযুক্ত প্রধান আসামির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার শালিয়াবহ নয়াপাড়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রফিজ উদ্দিন অপু (৪৫) ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এ ব্যাপারে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ধর্ষণের পর থেকে অভিযুক্ত রফিজ উদ্দিন অপু আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় স্থানীয়রা রোববার সকালে শালিয়াবহ নয়াপাড়া গ্রামের একটি বাগানে আম গাছের সাথে অপুর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় নিহতের মৃতদেহ উদ্ধার করে। মান সম্মানের ভয়ে এবং কাউকে মুখ দেখাতে পারবে না বলে তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরর প্রস্তুতি চলছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্যও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পুলিশ আরো জানায়, গত ৯ ফ্রেবুয়ারি সকালে ওই ছাত্রী রান্নার কাজে ব্যবহারের জন্য বাড়ির পাশের কদ্দুছ মন্ডলের বাগানে পাতা কুড়াতে যায়। দুপুরে একই গ্রামের রফিজ উদ্দিন অপু তাকে একা পেয়ে মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। অপু তাকে ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে বললে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

এ ঘটনায় পরদিন ১০ ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। একই দিন বিকেলে ওই ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।