চুয়াডাঙ্গায় সাংসারিক কাজের পাশাপাশি পরিকল্পিতভাবে মুরগির খামার গড়ে তুলেছেন নারীরা। এক্ষেত্রে খামারের চালিকাশক্তি হিসেবে পুরুষকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তারা। জেলার চারটি উপজেলায় মোট খামারি রয়েছেন ১ হাজার ২৯৩ জন। এর মধ্যে নারী খামারি ৭০৯ জন।
নারীর এমন সফলতার কারণ হিসেবে প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশন প্রাণিসম্পদ বিষয়ে কাজ করছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে নারীদের মুরগি পালনে প্রশিক্ষণও দেয়া হয়েছে। পরিকল্পিত খামারে সফলতাই নারীকে উৎসাহ জুগিয়েছে।
চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের গ্রাম সুলতানপুর। অবহেলিত এ গ্রামে আধুনিকতার ছোঁয়ায় ক্রমাগত মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে। গত ১৮ ডিসেম্বর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় নিরাপদ মাংস উৎপাদনের লক্ষ্যে জলবায়ুসহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য ২৫ জন নারীকে বেছে নেয়া হয়। তাদের প্রত্যেককে ১৫০টি করে মুরগিও দেয়া হয়। এর আগে তৈরি করে দেয়া হয় বাঁশের মাচা। তারপর মুরগি পালনের সম্যক ধারণা ও কলাকৌশল জানাতে তাদের প্রশিক্ষণ শেষে জীবাণুনাশক ও মুরগির টিকা দেয়া হয়। ৪৩ দিনের মাথায় মুরগি বিক্রিও করেছেন তারা। অল্প দিনে বেশি লাভের আশায় এ জাতের মুরগি পালনে আগ্রহী হয়ে উঠেছেন নারীরা।
সুলতানপুর গ্রামের খামারি রহিমা বেগম বণিক বার্তাকে বলেন, ‘বাউ মুরগি ৪২-৪৩ দিনে গড়ে এক কেজি ওজন হয়। ১৫০টি মুরগি পালনে এখন পর্যন্ত ২৪ হাজার টাকা খরচ হয়েছে। এ মুরগিগুলো যদি বিক্রি করতে পারি তাহলে ১০-১১ হাজার টাকা লাভ হবে।’
একই গ্রামের চন্দনা খাতুন বলেন, ‘ওয়েভ ফাউন্ডেশন থেকে ১৫০টি মুরগি পেয়েছিলাম। এর মধ্যে ১৮টি মারা গেছে। মুরগি পালনে এখন পর্যন্ত খরচ হয়েছে ২০-২১ হাজার টাকা। আশা করি বাকি মুরগি বিক্রি করে লাভ হবে ৬-৭ হাজার টাকা।’
চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. এহতেশামুল হক বণিক বার্তাকে বলেন, ‘আমরা ২৫ নারীকে ১৫০টি করে বাউ মুরগি দিয়েছি। তবে তার আগে নারীদের বাউ মুরগির বিষয়ে ধারণা দেয়া হয়। এতে লাভ ও গ্রহণযোগ্যতা দুটি ব্যাপারই চলে আসে। অনেকে সোনালি ও দেশী মুরগি খেতে চান। সোনালি মুরগি পালনে দেখা যায় দুই মাসে এর ওজন ৭০০-৮০০ গ্রাম হয়। সেক্ষেত্রে লাভ কম হয়। কিন্তু বাউ মুরগি ৪২-৪৩ দিনে এক কেজি ওজন হচ্ছে। এ মুরগির মাংসের স্বাদ সোনালি ও দেশী মুরগির মতোই। বিষয়গুলো জানার পর নারীরা মুরগি পালনে আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের প্রত্যেককে ১৫০টি করে মুরগির বাচ্চা ও মাচা তৈরির খরচ এবং জীবাণুনাশক ও মুরগির টিকা দেয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণও দেয়া হয়েছে তাদের। ৪২ দিনে একেকটি মুরগি এক কেজিরও বেশি ওজন হয়েছে। সে কারণে এটার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। অনেকে এ মুরগি পালনে আগ্রহ প্রকাশ করছেন।’
চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলায় ১ হাজার ২৯৩ জন মুরগি খামারি রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩২৫ খামারির ১৫৩ জন পুরুষ ও ১৭২ জন নারী। আলমডাঙ্গায় ২৫০ খামারির মধ্যে ১৬০ জন পুরুষ ও ১৯০ জন নারী। দামুড়হুদায় ২৯৮ খামারির মধ্যে ১১৫ জন পুরুষ ও ১৮৩ জন নারী। জীবননগরে মোট খামারি রয়েছেন ৩২০ জন। এর মধ্যে ১৫৬ জন পুরুষ ও ১৬৪ জন নারী।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ মো. মশিউর রহমান বণিক বার্তাকে বলেন, ‘চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশন প্রাণিসম্পদ উন্নয়নের বিষয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে বাউ মুরগি পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। বাউ মুরগির মৃত্যুহার কম। ৪৩ দিনের মধ্যে একটি মুরগি ১২০০-১৩০০ গ্রাম পর্যন্ত ওজন হয়। ৪৩ দিনে একেকটি মুরগি দুই কেজির মতো খাদ্য গ্রহণ করে। সব মিলিয়ে একটি মুরগি পালনে ব্যয় হয় ১৬০-১৭০ টাকা। সেটা বিক্রি হয় কেজিপ্রতি ২৬০-২৭০ টাকা। এভাবে যদি কেউ ১০০টি মুরগি পালন করে তাহলে ব্যয় বাদে ১২-১৪ হাজার টাকা লাভ হবে। এ মুরগির বৈশিষ্ট্য হলো এর মাংস সুস্বাদু। এ মুরগি পালনে গ্রামীণ পুষ্টি ও আমিষের অভাব পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।’










