মেহেরপুরের গাংনীতে খাদ্যে বিষক্রিয়ায় মোমিনুর ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে গাংনী হাসপাতালে তার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একই পরিবারের আরো চারজন। মোমিনুর গাংনী উপজেলার শালদহ গ্রামের মৃত তেঁতুল মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোমিনুর ইসলামের পরিবারের লোকজন মাছ ও মাংস দিয়ে ভাত খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে মোমিনুর ইসলাম (৬০) ও তার স্ত্রী ছায়েরা বানু (৫৫), ছেলে শামীম রেজা সুমন (৩৮), শামীমের স্ত্রী মমতাজ পারভীন (৩২) ও তার ছেলে গালিব (৬) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্যান্য লোকজন তাদের সকাল সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোমিনুর ইসলামের মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহম্মেদ জানান, ভর্তি হওয়া পাঁচজন গুরুতর অসুস্থ ছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়।
এদিকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন অসুস্থ মমতাজ খাতুনের ভাবি গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
তবে অবহেলার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহম্মেদ।










