ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১টি।
এদিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে সাধারণ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ।
ডিআরইউ নির্বাচনে এবার সভাপতি পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাদের মধ্যে এর আগের দুইবারের নির্বাচিত সভাপতি বাসসের চিফ রিপোর্টার মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়ে দ্বিতীয় ও শরিফুল ইসলাম (বিলু) ১০২ ভোট পান। আবু সালেহ আকন সর্বোচ্চ ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
সহসভাপতি পদে গাযী আনোয়ার ও ওসমান গণি বাবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে গাযী আনোয়ার ৬৯৮ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হোন।
সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল কাফি ২৮৯ ভোট, মাহমুদুল হাসান ২১০ ভোট ও শাহনাজ শারমীন ৩৬৪ ভোট পান। সর্বোচ্চ ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মাইনুল হাসান সোহেল।
যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল ৬৪৪ ভোট পান, নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে এম এম জসিম ৪২৬ ভোট, এস এম মিজান ২৯৩, সৈয়দ সাইফুল ইসলাম ১০১ ভোট পান। সর্বোচ্চ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল হাই তুহিন।
দপ্তর সম্পাদক পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ পদে কিরণ শেখ ভোট পান ৬৫৬ ভোট, তবে রফিক রাফি ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নারী বিষয়ক সম্পাদক পদে ফারহানা হক নীলা ভোট পান ৪০১। সর্বোচ্চ ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা রোজী।
প্রচার ও প্রকাশনা পদে মো. মোহসিন হোসেন ভোট পান ৫৩৬, ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হন মিজান চৌধুরী।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ৫৮৪ ভোট পান, মো. শরিফুল ইসলাম ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।
ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৫২৫ ভোট পান, মজিবুর রহমান ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) সর্বোচ্চ ৯২৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। ৮৩৪ ভোট পেয়ে দ্বিতীয় হন আক্তারুজ্জামান, ৭৬৬ ভোট পেয়ে বোরহান উদ্দীন তৃতীয়, ৭০৯ ভোট পেয়ে আমিনুল হক ভূঁইয়া চতুর্থ, ফারুক আলম ৬৩৬ ভোট পেয়ে পঞ্চম, ৫০৬ ভোট পেয়ে সুমন চৌধুরী ষষ্ঠতম ও সলিম উল্ল্যাহ (এসআই সলিম) ৪০৬ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা নির্বাচিত হন।










