হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকাতেই। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৪৮ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৪৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১১৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ১ হাজার ২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৩ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।