মুন্সিগঞ্জে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ রোগীকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। তবে বিষয়টি অস্বীকার করে রোগীর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বলে দাবি চিকিৎসকের।
গতকাল দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৭ নং কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রোগী ইউসুফ গাজীর (৬০) স্ত্রী রিমা বেগম (৫০) গতকাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাসপাতালের কর্তব্যরত নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইমরান খানের কাছে নাকের ফোঁড়াজনিত সমস্যা নিয়ে টিকিট কেটে চিকিৎসা নিতে আসা ইউসুফ গাজীকে চিকিৎসা না করেই হঠাৎ চড়াও হয়ে চড়-থাপ্পড় মারেন চিকিৎসক। পরে সেখানে উপস্থিত অন্য রোগীরা এর প্রতিবাদ জানায়। তবে বিষয়টি অস্বীকার করে চিকিৎসক ইমরান খান বলেন, ‘রোগীকে মারধরের বিষয়টি সত্য নয়। তবে রোগীর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে আমার। এছাড়া আর কোনো মন্তব্য করতে আমি রাজি নই।’










