রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সফলভাবে আয়োজন করা বর্তমান প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন আয়োজনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন। এ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
উপাচার্য বলেন, সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং প্রার্থীরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। সফলভাবে নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য ফিরিয়ে আনব। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাব। ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।










