দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। গত ১ অক্টোবর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনার এ চিঠি দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে। এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংকে ক্লিক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করতে বলা হয়েছে।

এছাড়া, সাইবার নিরাপত্তা-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক তা বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।