রাজনৈতিক চাহিদা থাকলে বিধিবিধান করে অবৈধ আয় বা দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি স্বাভাবিকভাবেই চাঁদাবাজি ও শক্তির প্রদর্শনকে উৎসাহিত করে। এটি কমাতে হলে দিনের শেষে রাজনৈতিক সদিচ্ছার দরকার হবে। তা না হলে দুর্নীতির একটি উৎস বন্ধ করলে দ্রুতই আরেকটি উৎস চালু হয়ে যায়।’

রাজধানীতে গতকাল গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘‌গণতন্ত্র ও উন্নয়ন’। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। এতে অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক ও রাষ্ট্রীয় নীতিনির্ধারকরা অংশ নেন।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘‌জুলাই অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে। সেগুলো হচ্ছে এক. কার্যকর জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়ন ঘটানো। দুই. সেই গণতান্ত্রিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে এবং সর্বশেষ গুণগত উন্নয়ন, যা ন্যায্য সমাজ, বৈষম্য ও দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে। তবে এখন সীমিত প্রত্যাশা হলো কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার এতদিন পর কার্যকর বন্দোবস্ত সীমিত হওয়াটা দুঃখজনক। তবু নতুন দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রচেষ্টা চলছে।’

শুধু কাগজ-কলম আর প্রতিষ্ঠান দিয়ে গণতন্ত্র সফল হয় না বলে মনে করেন সরকারের এ উপদেষ্টা। তিনি বলেন, ‘‌কেবল কাগজে-কলমে সঠিক প্রতিষ্ঠান—যেমন নির্বাচিত সংসদ, জবাবদিহিমূলক সরকার, স্বাধীন বিচার ব্যবস্থা বা দুর্নীতি দমন কমিশন থাকলেই গণতন্ত্র সফল হয় না। এর জন্য রাজনৈতিক আচরণ ও সংস্কৃতির দীর্ঘমেয়াদি পরিবর্তন প্রয়োজন। কারণ দীর্ঘমেয়াদি প্রচেষ্টার মাধ্যমেই একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরিণত গণতান্ত্রিক কাঠামোয় রূপ দেয়া সম্ভব। গণতান্ত্রিক দেশেই যে শুধু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তা নয়। অর্থনৈতিক উন্নয়ন চীন, ভিয়েতনামেও হয়েছে। কেননা, এসব দেশে জবাবদিহির পরিবেশ তৈরি হয়েছিল।’

মূল্যবোধ ও আস্থার ওপর উদারনৈতিকীকরণের সফলতা নির্ভর করে জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘জবাবদিহির সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। এখনকার প্রাথমিক শিক্ষকরা ছাত্রদের পরীক্ষা বন্ধ করে ও তাদের জিম্মি করে আন্দোলন করছেন। অথচ আমাদের সময় শিক্ষকরা বাসায় এসে খোঁজখবর নিতেন। এটাই হলো দায়িত্ববোধ।’ এ সময় তিনি সামাজিক মূল্যবোধ, ন্যায্যতা তৈরি করতে মূল্যবোধ নিয়ে গবেষণার দরকার আছে বলে মন্তব্য করেন।

প্রশাসনিক দক্ষতা, বর্তমানে সরকারে কাজের অভিজ্ঞতা ও প্রশাসনিক জটিলতার কথা বলতে গিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘‌তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে সচিবরা সব কাজ করে ফেলত। কোনো কিছু দেখিয়ে দিতে হতো না। আমার সময়ে আকবর আলি খান, ড. সা’দত হুসাইনরা সচিবের দায়িত্ব পালন করেছিলেন। তারা অনেক দক্ষ ছিলেন। এখন কাজ করার অভিজ্ঞতা আগের চেয়ে অনেক খারাপ। এখন সবকিছু নিজেকে পড়ে দেখতে হয়, পরীক্ষা করতে হয়।’