রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ৭০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল সকালে বাজারের একটি তেল-গ্যাসের দোকানে গ্যাসের চুলা মেরামতকালে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

দূরছড়ি বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. নূর আলম জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বাজারের একটি চুলার দোকান থেকে। তারপর আগুন ছড়িয়ে পড়ে বাজারের একটি অংশে। এতে বাজারের প্রায় ৭০টি দোকানঘর পুড়ে যায়। দুপুর ১২টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের আনে স্থানীয়রা। বাঘাইছড়িতে ফায়ার স্টেশন না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিস আসায় আগুন নেভাতে সময় লেগেছে। এছাড়া অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পাঁচজন আহত হয়েছেন। তাদের দূরছড়ি বাজার সেনাক্যাম্পে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে একটি চুলা মেরামতের দোকান থেকে আগুনের সূত্রপাত। ওই দোকানে গ্যাসের চুলা মেরামতের পাশাপাশি, গ্যাসের সিলিন্ডার ও জ্বালানি তেল বিক্রয় করা হতো। যে কারণে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।

দূরছড়ি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা বিদ্যাসাগর নাথ জানান, আগুনের ঘটনায় বাজারের একটি বড় অংশ পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের পেছনে বসতঘরও ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা এখনো নিরূপণ করতে পারিনি।