গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে ডুয়েট শিক্ষকসহ এক পাঠাও চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

নিহত পাঠাও চালক মো. দিদার নারায়ণগঞ্জের আড়াইহাজার বড়বিনায়ের চর গ্রামের মৃত আব্দুল বাতেনের সন্তান। ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা রাজধানীর মোহাম্মদপুর চাঁদ হাউজিং সোসাইটির রবীন্দ্রনাথ সাহার সন্তান।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেলটি টঙ্গীর চেরাগ আলী অতিক্রম করলে দ্রুত ঢাকাগামী প্রভাতী বনশ্রীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মো. রোকন উদ্দিন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসটির চালক ও সহকারী পালিয়ে যায়। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাহা মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

ওসি আরো জানান, তদন্ত চলমান রয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।