কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করা যাবে না। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। তবে এখানে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনগণ কোনো হয়রানির শিকার না হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি।’

তিনি বলেন, ‘আমি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, তাদের সাহস জোগাবো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা দেবো। পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যেতে হবে।’

দলীয় নিয়োগের অভিযোগ এনে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট অবশ্যই চাকরি ফেরত পাবে মন্ত্রী বলেন, তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করেনি। তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন, নিয়োগ পাবেন।

তিনি বলেন, পুলিশের ২৭০১ জনের কনস্টেবল পদ খালি রয়েছে। এসব পদে জরুরিভিত্তিতে নিয়োগ দেয়ার কথা বলে হয়েছে।