করোনাকালে সাধারণ মানুষের মাঝে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। জেলায় ফোন করলেই রোগীর বাড়িতে পৌঁছে যাবে ডাক্তার। এ লক্ষ্যে একটি হটলাইন চালু করা হয়েছে।

বুধবার ‘এই নাম্বারে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি’ প্রতিপাদ্যে এ স্বাস্থ্যসেবা চালু করা হয়। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে স্বাস্থ্যসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। এ সময় পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, স্থানীয় সরকারের উপপরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীব বকসি, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যতিক্রমী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের অধীনে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম চারটি মেডিকেল টিম পরিচালনা করবেন। কোনো রোগী যদি হাসপাতালে আসতে ভয় পান, তাহলে ০১৭৩০-৩২৪৭৯৭ নম্বরে ফোন করলে চিকিৎসক টিম চলে যাবে রোগীর বাড়িতে। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেবেন তারা।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে করোনা সংক্রমণের প্রথম ধাপে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই স্লোগানে একটি ব্যতিক্রমী চিকিৎসা সেবা চালু করেছিলাম। করোনা সংক্রমণের এ দ্বিতীয় ঢেউয়েও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, সরকার ঘোষিত লকডাউনে অনেক রোগী হাসপাতালে আসতে পারছেন না। এ পরিস্থিতিতে বাড়িতে গিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এতে ওই রোগী একদিকে বাড়িতে বসে চিকিৎসা পাবেন। তিনি যদি সংক্রমিত হয়েও থাকেন, তার মাধ্যমে আর কারও মাঝে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকবে না।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, হটলাইনটিতে ফোন করা হলে ডাক্তার রোগীর বাড়ি গিয়ে সেবা দিয়ে আসবেন। এটা বাগেরহাটবাসীর জন্য একটি বড় অর্জন।