আফ্রিকার জিবুতি প্রজাতন্ত্রে বাংলাদেশী ব্যবসায়ীরা বিনিয়োগ করলে ট্যাক্স ফ্রি সুবিধা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত অনাবাসিক রাষ্ট্রদূত ইস্সে আবদিল্লাহি আসসোয়েহ। আমদানিনির্ভর রাষ্ট্র হওয়ায় জিবুতিতে বাংলাদেশের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা যাচাইয়ে আগামী জানুয়ারিতে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল দেশটি সফর করবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জিবুতিতে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি ও জিবুতি সফরের সংগঠক আবদুল হক বলেন, জিবুতি তাদের বাণিজ্য কাঠামোকে দুবাই ও সিঙ্গাপুরের মডেলে গড়ে তুলছে। বিশ্বের গুরুত্বপূর্ণ বন্দর থাকায় দেশটিতে বিনিয়োগের সুযোগ অনেক।
তিনি জানান, ফার্মাসিউটিক্যাল, পাট, নিটওয়্যার, সিরামিক, হালকা প্রকৌশলী পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। তাদের বন্দর ব্যবহারের সুবিধাও ডিউটি ফ্রি। বাংলাদেশ শুধুমাত্র ইউরোপ-আমেরিকা নয়, নতুন বাজার খুঁজছে। জিবুতির ট্যাক্স ফ্রি সুযোগ গ্রহণ করতে পারলে বেসরকারি খাতের জন্য বড় সম্ভাবনা তৈরি হবে।
প্রধান অতিথি রাষ্ট্রদূত ইস্সে আবদিল্লাহি আসসোয়েহ বলেন, তরুণ জনসংখ্যা, বৃহৎ বাজার ও প্রাকৃতিক সম্পদের কারণে আফ্রিকা বিশ্ববাজারে আকর্ষণীয় অঞ্চল হয়ে উঠেছে। তবে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে অনেক বিনিয়োগকারী দ্বিধায় থাকেন। 'এখানেই জিবুতি ব্যতিক্রম', উল্লেখ করে তিনি বলেন, দেশটি আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও বিনিয়োগবান্ধব রাষ্ট্রগুলোর একটি।
তিনি আরো জানান, জিবুতি বাব-এল-মান্দেব প্রণালীর কৌশলগত স্থানে অবস্থিত। এ পথে বছরে ২ বিলিয়ন ডলারের বেশি পণ্য পরিবহন হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া, ভারতসহ বহু দেশের সামরিক ও কূটনৈতিক উপস্থিতি থাকায় বিনিয়োগ নিরাপদ। জিবুতির ফ্রি-জোনে জিরো ট্যাক্সে উৎপাদন বা পুনঃরফতানি করা যায়। দ্য কমন মার্কেট ফর ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন আফ্রিকার (কমেসা) ৬০০ মিলিয়ন মানুষের বাজারে রফতানিতেও শূন্য শুল্ক সুবিধা পাওয়া যায়।
বিদেশী বিনিয়োগকারীদের স্থানীয় নাগরিকের সমান অধিকার দেয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জমি কেনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ গ্রহণসহ সবই আইনগতভাবে সম্ভব। ১৫টি সাবমেরিন ক্যাবল দিয়ে যুক্ত থাকায় দ্রুতগতির ইন্টারনেট ও আন্তর্জাতিক যোগাযোগ সুবিধা পাওয়া যায়। কৃষি ও উৎপাদনে স্বনির্ভর না হওয়ায় জিবুতি ব্যাপক পণ্য আমদানি করে ফলে বাংলাদেশী পণ্যের বড় বাজার রয়েছে।
সংবাদ সম্মেলনে বেসরকারি খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।










