ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি। এছাড়া আসন্ন দুর্গা পূজায় দেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপের নিরাপত্তায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার ভাষ্য, কোনো মণ্ডপকে এখন পর্যন্ত বিশেষ বা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি।

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট ও মহানগর সর্বজনীন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাড্ডা সেন্টার ভাংচুরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

কারো নাম উচ্চারণ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌যারা অপরাধী হিসেবে ওখানে গেছে তাদের কারো কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটা আমরা কখনই আমলে নেব না। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ওখানে একজন সংসদের সংশ্লিষ্টতা আছে কিনা বিষয়টি তদন্তাধীন, এ বিষয়ে কাউকে ছাড় দেব না, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়।’”

দুর্গা পূজার নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা হবে। গতবারের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সংস্থাকে নিরাপত্তা নিশ্চিত এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের দায়িত্ব দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অ্যালার্ট বা ঝুঁকির তথ্য নেই। উৎসবমুখর পরিবেশেই পূজা অনুষ্ঠিত হবে।’

এবার দুর্গা পূজায় সরকারি ছুটি তিনদিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি পাঁচদিনে দাঁড়াবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তবে পুরো উৎসবজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো হুমকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপের সরকারি অনুদান ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পূজার সময় নজরদারি জোরদারে নির্বাচনের সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ব্যবহার করা একটি মোবাইল অ্যাপ চালু রাখা হবে। মন্ত্রী বলেন, ‘কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত জানাতে অ্যাপটি সহায়তা করবে। এর মাধ্যমে কর্তৃপক্ষও দ্রুত ব্যবস্থা নিতে পারবে।’

সিলেট, মানিকগঞ্জ ও দিনাজপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।’

চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নিয়মিত চাঁদাবাজ, সশস্ত্র অপরাধী ও মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করে। অপরাধীর রাজনৈতিক পরিচয় না দেখে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা ২৪ ঘণ্টার মধ্যে নিতে বলা হয়েছে।’