বগুড়ার শিবগঞ্জে জ্বালানি তেলের দোকান থেকে লাগা আগুনে কয়েকটি দোকান, বসতবাড়ি ও মাদ্রাসা ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কে ভাই ভাই বেকারির সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সোনাতলা সড়কে ফ্রেন্ডস ট্রেডার্স নামের একটি জ্বালানি তেল-গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাড়িতে। আগুনে মানিক মিয়া নামে এক ব্যক্তির খুচরা যন্ত্রাংশের দোকান ও আটটি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপ-তোশকের দোকান ও একটি মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল, পেট্রল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার ডিজেল, পেট্রল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় দোকানের পেছনে অবস্থিত একটি মাদ্রাসাও পুড়ে যায়।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে শিবগঞ্জ, সোনাতলা, সদর ও কাহালু ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।