দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১২ জনে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৪২ জন। মৃত্যু ও আক্রান্তের এ সংখ্যা একদিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১০২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৯ হাজার ৯০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত একদিনে সারা দেশে ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।










