আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ কথা জানিয়েছেন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস। এছাড়া বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি।

গতকাল বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন শুরু উপলক্ষে সংবাদ সম্মেলন করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম)। সংবাদ সম্মেলনে আইজাবস বলেন, ‘ঐতিহাসিক এ নির্বাচন ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন করা জরুরি।’

তিনি আশা প্রকাশ করেন, ইইউ পর্যবেক্ষক দলের কাজও জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সহায়ক হবে।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইইউ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিযুক্ত করেছে। আইজাবসের নেতৃত্বে মিশনটি ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে কার্যক্রম শুরু করেছে এবং ৫৬ জন পর্যবেক্ষকের আসার মাধ্যমে তাদের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলায় নিযুক্ত হবেন। ২০০৮ সালের পর এবার দেশে প্রথম পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন হিসেবে এটি চিহ্নিত হবে।

প্রধান পর্যবেক্ষক বলেন, ‘মিশনটি নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, বিচার বিভাগ, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত হয়ে নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। এর মধ্যে রয়েছে নির্বাচন প্রস্তুতি, আইনগত কাঠামো ও এর বাস্তবায়ন, প্রচারণা কার্যক্রম এবং নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। ইইউ ইওএম নারী, যুবক এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীসহ রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সামগ্রিক পরিবেশও মূল্যায়ন করবে।’

গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ইভারস আইজাবস। পরে এ বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সমতাভিত্তিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড), গণভোটে “‍হ্যাঁ” ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ইভারস আইজাবস বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইইউ ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইইউ অনেক দেশেই নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না; কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের বড় বাণিজ্যিক অংশীদারত্ব রয়েছে এবং বাংলাদেশকে তারা ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে বিবেচনা করে।’

প্রেস সচিব জানান, শেখ হাসিনার প্রায় সাড়ে ১৬ বছরের শাসনামলে ইইউ একবারও বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি। আইজাবস মনে করেন, আগের তিনটি সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি। তবে এবার নির্বাচন ঘিরে সর্বত্র ইতিবাচক মনোভাব ও উৎসাহ দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।

প্রেস সচিব বলেন, ‘ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তারা বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য অংশীজনের সঙ্গেও কথা বলবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।’

প্রধান উপদেষ্টা ইইউকে আশ্বস্ত করেছেন যে আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।’ তিনি উল্লেখ করেন, দেশের সর্বত্র এখন নির্বাচনের জোয়ার চলছে।