যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সাভারের যুব উন্নয়ন একাডেমিতে আজ দুপুরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ: যুব সমাজের উন্নয়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এগোচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগত পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও শিল্পসহ সব ক্ষেত্রে এ প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করছে।
প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করা সম্ভব। এতে প্রশিক্ষণের মান বাড়ে এবং দক্ষতার সঙ্গে কর্মসংস্থানের সংযোগ তৈরি হয়।
তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশে এ ধরনের প্রশিক্ষণ এরই মধ্যে সফলভাবে চালু হয়েছে। বাংলাদেশকেও সেই একই ধারায় এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। তবে এ প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যেন বঞ্চিত না হয় এবং ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে— এ বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, যারা এ প্রশিক্ষণ গ্রহণ করবেন, তারা তৃণমূল পর্যায়ে জ্ঞান ছড়িয়ে দেবেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান উপস্থিত ছিলেন।










