রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু করা হয়েছে। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
আজ সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু করা হয়। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হলো। রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের দৈর্ঘ্য ১৫৮ কিলোমিটার (প্রায়)। টাওয়ার সংখ্যা ৪১৪টি।
এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরো দুটি হাই ভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন ‘রূপপূর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু করা হয়। রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট তিনটি লাইন প্রস্তুত হলো, যার প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২ হাজার মেগাওয়াট।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। পাবনা জেলার রূপপুরে রাশিয়ার অর্থায়নে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ। এর সঙ্গে সংযুক্ত চারটি সঞ্চালন লাইনের কাজও সমানতালে এগিয়ে চলছে।











