দেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ এবং নিজস্ব ফান্ড থেকে এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গতকাল রোববার (২৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বেবিচক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যাপীড়িত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ, প্রায় ২২ লাখ টাকা এবং বোর্ড মেম্বারদের সর্বসম্মতিক্রমে নিজস্ব ফান্ড থেকে আরো এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে বেবিচক কর্তৃপক্ষ।

এছাড়াও, বেবিচকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ উদ্যোগে সংগৃহীত নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্যদ্রব্য, ওষুধপত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে বেবিচকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।