সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বংশী নদীর পাড়ে ৫০ শতাংশ জায়গাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা ৫৩টি স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী ও সুবীর কুমার দাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন। 

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে ও জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক সাভারের নয়ারহাট এলাকায় বংশী নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার মালিকদের তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিস প্রদান করা হয়। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুজন সিনিয়র সহকারী কমিশনারসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীতীরের দখলকৃত ৫০ শতাংশ খাসজমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে সেই জমি দখলমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার মো. আদনান চৌধুরী বলেন, ‘‌আজ (গতকাল) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকার বংশী নদীর তীরবর্তী ৫৩ জন অবৈধ দখলদারের ৫৩টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৫০ শতাংশ খাসজমি দখলমুক্ত হয়েছে। আগে থেকে নোটিস করায় তারা নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে নিয়েছিল। আজকে আমরা শুধু তাদের স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়েছি।’ 

এ সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান এ কর্মকর্তা।